অঙ্গীকার
এসো হে নবীন এসো হে প্রবীণ
শান্তি জাগাই মননে,
হাত জোড় করে অঙ্গীকার করি
সারা বিশ্বের কল্যাণে।
মানুষ হয়ে মানুষকে ভালোবাসি
রচে যাই মানবতা,
হিংসা বিদ্বেষ দূর করি এসো
একতার দেই বারতা।
চির সবুজ ধরিত্রীর বুক থেকে
দূর হোক যত জরা।
নীল নীলিমায় আকাশে বাতাসে
নামুক আলোর ঝর্ণা ধারা।
বিশ্ব জুড়ে হিংসার রাজনীতি
গোলাবারুদের গন্ধ,
নিরীহ মানুষ অশান্ত আজ
হারিয়ে জীবনের ছন্দ।
বিশ্ব শান্তি দিবসের আজি শুভক্ষণে
এসো অঙ্গীকার করি ,
বৈষম্য নাশিতে বিভেদ ভুলিতে
এসো হাতে হাত ধরি।
দিয়ে যাই সবে ভরসার প্রত্যয়
ফিরাতে সেই বিশ্বাসী মন,
শান্তির বার্তা রচে যাই সবে
তবেই তো হবে উত্তরণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন