জ্ঞানের আঁধার
হিফজুর রহমান লস্কর
প্রকৃতির কোলে শৈশব খেলে
যেন মুক্ত বিহঙ্গ।
কতনা সাধন মানেনা বাঁধন
দিনভর শুধু রঙ্গ।
মনে খোলা মাঠ ছেড়ে যায় পাঠ
দুরন্ত দূর্বার শৈশব।
দিনভর খেলা সাথী আছে মেলা
নেই কোন অনুভব।
ধূলো কাঁদা মাটি তাই যেন খাঁটি
সাধের সে খেলাঘর।
করে লুটোপুটি ছেলেমেয়ে জুটি
খেলে যায় বরাবর।
যত সব ঝগড়াঝাঁটি নিমেষেই হতো মাটি
ছিলনা হিংসা বিদ্বেষ।
কাজেরও নেই তাড়া মুখরিত সারা পাড়া
হল ছিন্ন অবশেষ।
কোথা যে সে দিন হয়েছে বিলীন
নেই সেই কলরব।
হায় শিশুকাল হয়েছে এ কাল
বাঁধনে বাঁধা শৈশব।
কচি শিশুমন বন্দী সারাক্ষণ
পুঁথি জ্ঞান পাঠাগারে।
নেই সেই উদ্দামতা নেই সেই স্বাধীনতা
যেন বন্দী কারাগারে।
প্রকৃতির খোলা বুক তাতেই তো শিশু সুখ
প্রকৃতিই জ্ঞানের আঁধার।
উদ্দামতা উচ্ছলতা আছে সেথা সরলতা
যেন তা মধুর ভাণ্ডার।
শৈশব সোনালী দিন প্রকৃতি করেছে রঙিন
তাতেই চাই আহরণ।
দাও ফিরে সে উদ্যান যেথা আছে মুক্ত জ্ঞান
করুক শিশু মুক্ত বিচরণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন