মুক্তিযুদ্ধ
হিফজুর রহমান লস্কর
একাত্তরের মুক্তিযুদ্ধ বর্ণনে কণ্ঠ রুদ্ধ
আজও মনে ভাসে ছবি।
স্বার্থাণ্বেষীর আক্রমণে হিংস্র পশু হার মানে
দূর থেকে অনুভবি।
ঘুমে অচেতন মানিক রতন
রমণীরা এলোকেশে।
রাতের আঁধার পাক হানাদার
হামলা চালায় দেশে।
সম্ভ্রম বাঁচাতে নারী করে শুধু আহাজারি
কত যায় মূর্ছনায়।
কোলে নিতে বাছাধন তুলে নেয় উপাধান
হায়রে নারী সমুদায়।
তবুও বাঁচেনি ওরা হয়ে যায় সর্বহারা
পাক হায়েনার কাছে
সেদিনের কীর্তিকলাপ মানবতা করে বিলাপ
আজও মনে আছে।
নির্মমতার সীমা ছেড়ে লক্ষ প্রাণ নিল কেড়ে
প্রকৃতিও মানে হার।
জর্জরিত দেশবাসী অস্ত্র তুলে নেয় আসি
বাংলাকে করিতে উদ্ধার।
দীর্ঘ নয়টি মাস কলঙ্কিত ইতিহাস
রক্তে রাঙা ছিল দেশ।
ত্রিশ লক্ষ বীর তুলে দিল শির
গড়িতে এ বাংলাদেশ।
করেছে দেশ মুক্তি দেখিয়েছে মাতৃভক্তি
যদিও হয়েছে হারা।
জানাই বিনম্র শ্রদ্ধা হে সকল মুক্তিযোদ্ধা
স্মৃতিতে অমর তাঁহারা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন