শিক্ষক
মানুষ গড়ার কারিগর কে, চেনো কি ভাই তারে?
আসল শিক্ষায় শিক্ষিত জন কভু ভুলতে নারে।
সহজ সরল জীবন যাহার নেই বাহারি সাজ,
এই জীবনে করেন তিনি মানুষ গড়ার কাজ।
আপন কাজে ব্যস্ত থাকেন যান না যথা তথা,
বলছি আমি করজোড়ে শিক্ষা গুরুর কথা।
পুষ্প যেমন পরের তরে ছড়িয়ে দেয় ঘ্রাণ,
শিক্ষক তেমনি উজাড় করে জ্ঞান করেন দান।
শিক্ষক হলেন পিতৃতুল্য এই পৃথিবীর বুকে,
আজীবন সঙ্গী তিনি ছাত্রের সুখে দুখে।
সূর্যের আলো যেমন করে আঁধার করে দূর,
শিক্ষা গুরু সদাই তেমন ছড়ায় জ্ঞানের নূর।
জাতি ধর্মের হিসেব নিকেশ তাহার কাছে নাই,
সাম্যবাদ আর সহিষ্ণুতা গুরুর কাছে পাই।
গুরুর কাছে ছাত্র ছাত্রী পবিত্র এক ফুল,
সত্য ন্যায়ের পথ দেখাতে শুধরিয়ে দেন ভুল।
"শিক্ষাই জাতির মেরুদন্ড শিক্ষক জাতির প্রাণ,"
সফল ছাত্রের মাঝেই তারা বেঁচে থাকতে চান।
শিক্ষা গুরুর দানের কথা ভুলা সম্ভব নয়,
যাঁদের মন্ত্রে দীক্ষা নিয়ে জীবন সফল হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন