রাজা ও সাধু
একদিন যবে আসিল এক সাধু রাজার দরবারে,
আগ্রহ ভরে কহিলেন রাজা কি সেবা করি তোমারে।
হেসে সাধু কয়, হে রাজন! সেবা কিছু নাহি চাই,
মনেতে মোর সন্দেহ আজ প্রজা মাঝে সুখ নাই।
দেশ জুড়ে আজি একি অরাজকতা প্রজারা দুঃখী কেন,
না পার ভার বইতে জনতার ছেড়ে দাও রাজ্যভার হেন।
কথা শুনে রাজার জাগিল আগ্রহ বলেন সাধুরে হাসি,
নগর পথে চলো ঘুরে আসি দেখিব কেমনে আছে পুরবাসী।
যেমন কথা তেমন কাজ মন্ত্রী সহ ছুটিল রাজার রথ,
নিজ চোখে দেখে প্রজার সুখ দুখ পুরাবেন মনোরথ।
পথে যেতে যেতে দেখিলেন রাজা দুঃখী শিশুর কান্না,
অভাবের কারণ ঘরেতে আজিকে হয়নি কিছুই রান্না।
হেনকালে এক বৃদ্ধ দাঁড়ায়ে করজোড়ে রাজারে কয়,
ফলানো ফসল বেচিত পারি না, নেতা মন্ত্রীর ভয়।
আরো আগে যেয়ে দেখিলেন তারা দুটি দলে মারামারি,
কহিলেন সাধু, 'জিজ্ঞেস করো কেন এত হানাহানি?'
জানলেন রাজা মরেছে অনেক ধর্মের নামে লড়ে,
অগুনিত ঘর সম্পদ সহ ছারখার হয়েছে পুড়ে।
সেথা থেমে সাধু কহিল রাজারে,' এই হাল তব দেশে,
করতে চাও সেবা কর ক্ষুধার্ত জনতারে ভালোবেসে।
খাবার বিলাও হিংসা থামাও তাহাই স্রষ্টার সেবা।
দুঃখী জনতা মুখ চেয়ে আছে দেখিবে তাদেরে কেবা?'
রাজধর্ম প্রজার সুরক্ষা মনে রেখো বারবার,
রাজাই পারে দুঃখ মুছাবারে অভুক্ত জনতার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন