পানবু দারা
সবুজ শান্তির পাহাড় যেথা
নেমেছে শীতল ধারা,
এমনি এক স্বর্গীয় স্থান
কালিম্পং এর পানবু দারা।
নৈসর্গিক দৃশ্য তিস্তা নদীর
তীরে মনোরম হাওয়া,
মন খারাপের সময় সেখানে
এ যেন এক পরম পাওয়া।
আঁকাবাঁকা গতি তিস্তা নদীর
হাতছানি দিয়ে ডাকে,
বিমুগ্ধ নয়নে চেয়ে রই শুধু
দুপাশের ওই পাহাড়টাকে।
চার হাজার ফুট উঁচু পাহাড়
পাশে যে গভীর খাদ,
ভীষণ ঢালু আঁকাবাঁকা পথ
এ যেন এক মরণ ফাঁদ।
পথমাঝে আছে ঝরণাধারা
কুলুকুলু ধ্বনি তায়,
দুধারে পাহাড় সবুজ বনানী
কতই না শোভা পায়!
সুখের সাথে ভয়ও আছে
পৌঁছাতে পানবু ভিউ পয়েন্ট,
সার্থক রূপ প্রকৃতির সেথা
চাইনা কোন মনুমেন্ট।
সবুজ যেন চির সবুজ
প্রকৃতি সাজিছে নীলাকাশে,
মনে হয় যেন এই বুঝি এলাম
আকাশের ঐ মেঘের পাশে।
যেদিকে তাকাই মুগ্ধ নয়নে
অপূর্ব সে শোভা,
পাখির কূজন মৌমাছির গুঞ্জন
হয়ে আছে মন লোভা।
হিমালয় আর কাঞ্চনজঙ্ঘা
হাতছানি দেয় পাশে,
জানা অজানা ফুলের ঘ্রাণ
মিশে আছে আকাশে বাতাসে।
কী মায়ায় রচিয়াছে বিধি
যেথা থাকিবারে মন চায়,
পানবুতে বসে মনে হয় যেন
আমি চিরসবুজের প্রান্ত সীমায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন