অবাক হয়ে চেয়ে রই



পূজো দেখতে বেরিয়ে ছিলাম
পূজো দেখা হল কই?
ছেঁড়া শাড়ির আঁচল ধরে
কাঁদছে খুকি চেয়ে রই।

কাঁদছে খুকি ক্ষুধায় কাতর
প্যাণ্ডেলের ঐ পাশটাতে,
সান্ত্বনা দেয় দেখলাম মায়ে
' খাবে হেথায় শেষটাতে।'

লক্ষ টাকার প্যাণ্ডেল ঘিরে
হাজার লোকের সমাগম,
চোখ ধাঁধানো রঙবাহারি
আতস বাজির ঝমাঝম।

বাহারি পোশাকে নরনারী
চলছে মিলন মহোৎসব,
উদাস পানে দেখছে মায়ে
দেখছে খুকি বাকি সব।

রিনা বীনা টিনার জামা
ঝিলমিলানো নয়নে,
অবাক হয়ে ভাবছে খুকি
কী স্বাধ তার চয়নে!

ক্ষুধায় কাতর হলেই বা কি
শখটা এখন পোশাকে,
মায়ের হাতে অল্প দিলাম
পুরাতে ওর আশাকে।

অল্প সাহায্য হাতে পেয়ে
মায়ের চোখে আসে জল,
বলে ' বাবু বেঁচে থাকুন
পরকালে পাবেন ফল।'

খুশি হয়ে শিশুর হাতে
দিলাম কিছু খাবার এবে,
ধন্য হলাম এই না ভেবে
হয়তো একটু পূণ্য হবে।

গরিবি হঠাও স্লোগান চলে
গরিবিটা হঠলো কই?
খুশির দিনে দুঃখীর পানে
অবাক হয়ে চেয়ে রই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়