আহ্বান
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-১৫/১২/২০২১
জাগো হে নবীন জাগো হে প্রবীণ
জাগো হে নওজোয়ান
হিন্দু চাইনা মুসলিম চাইনা
চাই এক ইনসান।
বিশ্ব মাঝে রিক্ত আমরা
পতিত মোদের জ্ঞাতি
বিশ্ব জুড়ে হোক আমাদের
একতার বলে খ্যাতি।
বর্ণ চাইনা ভাষা চাইনা
চাই শান্তির নীড়
একতার তরে জড়ো হই যেন
উঁচু করে নিজ শির।
ধন চাইনা মান চাইনা
চাই যে দেশের শান
স্বদেশের তরে এক হই মোরা
স্বার্থকে দিই কুরবান।
হারাতে বসেছি দেশের সংস্কৃতি
যা ছিল বিশ্বের সেরা
জেগে ওঠো বীর দেশের সৈনিক
দেশ যে অপশক্তিতে ঘেরা।
জাগো হে সেনা জাগো হে ভক্ত
জাগো হে অতন্দ্র প্রহরী
দেশকে সবাই এগিয়ে নিয়ে যেতে
উঠাই সুরের লহরী।
ঘুচাই জড়তা ঘুচাই অন্ধত্ব
ঘুচাই অন্ধ বিশ্বাস
মন্দির চাইনা মসজিদ চাইনা
চাই আত্ম বিশ্বাস।
ফিরবে কবে জ্ঞানটা মোদের
ফিরবে কবে চেতনা
অন্ধ মনের বদ্ধ বিদ্বেষ
কভুও কি ঘুচবে না?
জাগাও বিবেক বাঁচাও সংস্কৃতি
বাঁচাও দেশের সভ্যতা।
দূর হোক যত অপসংস্কৃতি
দূর হোক স্বার্থান্ধতা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন