টাকার আত্মকাহিনী
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-১৩/১২/২০২১
কাগজ থেকে জন্ম আমার
বিরাট অট্টালিকায়
সুখেই আমার জীবন চলে
চলি নিরালায়।
সবাই আমায় আদর করে
আপন করার তরে
এসব কথা ভেবে আমার
গর্বে হৃদয় ভরে।
আদর যত্নে জীবনটা যায়
ঘুরি দেশ-বিদেশ
কত বাবুর পকেট দেখি
থাকার জায়গা বেশ।
আলমিরাতে গোদরেজেতে
সিন্দুকেতে ঠাঁই
কভু আবার হাতে হাতে
স্নেহের পরশ পাই।
কেউবা আমায় রাখে বেঁধে
দেহের গামছার আগায়
দলিয়ে-মুচড়িয়ে শ্বাসরুদ্ধ হই
কারো শাড়ির ডগায়।
আদর সোহাগ পেয়ে ভাবি
ধন্য আমার জীবন
কথাটা তো ভুলেই গেলাম
আছে আমার মরণ।
এহাত সেহাত হতে হতে
ক্লান্ত আমার জীবন
দিনে দিনে কুৎসিত হলাম
হারালাম যতন।
নতুন টাকার ভিড়ে আদর
কমলো দিনে দিনে
সবাই আমায় সরাতে চায়
কোনকিছু কিনে।
এমনি করে জীবনটা মোর
হলো বিভীষিকা
তখন আমি বুঝতে পারি
জীবনটা এক মরিচিকা।
অবশেষে হলো আমার
গর্বের অবসান
ছেঁড়া নোংরা হয়ে ফেরৎ
গেলাম জন্মস্থান।
সারাজীবন টাকা হয়ে
করলাম কত উপকার
সেখানেই জ্বালিয়ে আমার
করিল সৎকার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন