কিপটে খুড়ো
গাঁয়ের স্কুলে ভিড় করছে ডানপিটে সব ছেলে
হেথা হোথা ঘুরে বেড়ায় ক্লাসগুলো সব ফেলে।
তাদের সাথে যোগ দিয়েছে আরেক মেয়ে নীতা,
লাল টুকটুকে জামা গায়ে মাথায় রঙিন ফিতা।
হাঁদা ভোঁদা মোড়ল তাদের গাঁয়ের সবাই জানে,
কার বাগানে কখন ঢুকে ভয় যে সবার প্রাণে।
আম জাম লিচু কুল জলপাই আর তেঁতুল,
দেখলেই তা পেড়ে নিতে হয়না তাদের ভুল।
নন্দ খুড়ো গায়ের বুড়ো পথের ধারেই বাসা,
তার গাছেতে আম ধরেছে দেখতে দারুন খাসা।
হাড় কাঁপানো কিপটে বলে সবাই তাকে চিনে,
আম খাওয়ার কি সাধ্য আছে উচিত দাম বিনে?
হাঁদা ভোঁদা দেখলো সেদিন বাজার যাচ্ছে নন্দ,
অমনি তারা পৌঁছল সেথা করে স্কুল বন্ধ।
হাঁদা ভোঁদা দেখে গাছে ঝুপা ঝুপা আম,
পাড়তে গিয়ে হাঁদা ভোঁদার ছুটলো গায়ের ঘাম।
হাঁদা বলে ওরে ভোঁদা ক্যামনে উঠি গাছে,
স্কুল পালানো প্রকাশ পাবে পড়ি যদি পাছে!
সাহস দিয়ে নীতা বলে উঠরে ভোঁদার পিঠে,
কাঁচা আম খাবো আজ টক কিংবা মিঠে।
ভোঁদার পিঠে উঠে হাঁদা ধরলো গাছের ডালে,
কাঁপছে নীতা ভয়ে এখন কি আছে যে ভালে।
পড়তে পড়তে বেঁচে গেল ডানপিটে সব ছেলে,
কিপটে খুড়োর সকল আম এমনি পেড়ে নিলে।
বাড়ি ফিরে নন্দ খুড়ো দেখে গাছের ডালে,
পাতা ছাড়া কিছুই নেই এই ছিল কপালে।
হায় হায় করে খুড়ো বসে গাছের তলে,
পথিক দেখে ব্যঙ্গ করে হায়রে কিপটে বলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন