তিতিক্ষা ও শিক্ষা
হিফজুর রহমান লস্কর
পাহাড়কে শুধাই ডেকে মৌন কেন ভাই
তোমার গর্ভে এত গর্ত ক্যামনে সহ তাই।
পাহাড় বলে পরের তরে জীবনটা মোর বাধা
গাছগাছালি প্রাণীর তরে রাখা আধা আধা।
বুঝেনা তা নিঠুর মানব নিচ্ছে আমায় লুটে
বাকি প্রাণী ক্যামনে বাঁচে গর্ত নাহি জোটে।
আমার বুকের গাছগাছালি কাটছে মানবজাতি
সবই আমি মুখ বুজে সই নেই যে আঁচল পাতি।
পিঁপড়া আর কীটপতঙ্গ হাজার রকম প্রাণী
আমার উপর ভর করে সব বেঁচে আছে জানি।
পদে পদে প্রাণী হত্যা তোমরাই করতে পার
সৃষ্টির সেরা প্রাণী বলে ক্যামনে দাবি কর?
বাক্যবাণে আঘাত পেয়ে চললাম আমি ফিরে
মনের মাঝে তুফান চলে সত্যি কথা ঘিরে।
শুধাই ডেকে নদীর জলে ওগো স্রোতস্বিনী
দিবানিশি বইছ কেন দাঁড়াও একটুখানি ।
নদী বলে ক্যামনে দাঁড়াই জীবনটা যে সচল
সবার তরে বয়ে চলি নিয়ে খাবার জল।
বললাম তাকে তোমার বুকে এত আবর্জনা
কেমন করে সহ তুমি একটু বলোনা।
করুন স্বরে বলল নদী দুঃখের সীমা নাই
যাদের জন্য চলছি আমি তারাই শত্রু ভাই।
নোংরা আর আবর্জনা ফেলছে আমার বুকে
দুষিত ও বিষাক্ত হয়ে আছি বড় শোকে।
এত নিঠুর মানব জাতি বলবো কি আর ভাই
শুদ্ধ করার অপচেষ্টায় চলছি আমি তাই।
পাহাড় নদীর কথায় আমি শিখলাম তিতিক্ষা
এদের কাছে আরো পেলাম সহনশীলতার শিক্ষা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন