চাওয়া পাওয়া
হিফজুর রহমান লস্কর
ভাবি বসে দিনান্তে সভ্যতার শেষ প্রান্তে
তবুও কাটেনি আঁধার ঘোর।
মানুষ মোরা শ্রেষ্ঠ প্রাণী শিক্ষা দীক্ষায় কত জ্ঞানী
সভ্যতার হলোনা যে ভোর।
কাটেনা যে ভীমরতি চলছে সেই আদিম রীতি
জ্ঞানের অভাব নিশ্চয়।
অল্প বয়সে বিয়ে দিলে মেয়ে যায় রসাতলে
সে কথা কি মনে লয়?
কন্যা,সে তো আদরের ধন চোখে রাখো সারাক্ষণ
সে তো নয় বিকোবার ঝুড়ি।
অসময়ে বিয়ে দিয়ে খেলো তার জীবন নিয়ে
হয় সে যে কুড়িতেই বুড়ি।
কভু দেখি পণ চাও বিনিময় নিয়ে যাও
মেয়ে যেন পণ্য সামগ্রী।
পণের এ রেশ ধরে প্রাণ দেয় বেঘোরে
আদরের সেই কন্যাশ্রী।
তাইতো বলি হে মানব ধরে আনো সেই দানব
খুঁজে যারা যৌতুক হেসে।
সকলে অঙ্গীকার করি যৌতুক মুক্ত সমাজ গড়ি
সকলেরে যাই ভালোবেসে।
কি দোষিব বাপ মায় সমাজ তো তাই চায়
প্রতিবাদ করেনা তো কভু।
ঘুচুক সে কালো হাওয়া বন্ধ হোক চাওয়া পাওয়া
মানবেরে সুমতি দাও প্রভু।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন