সফলতার চাবিকাঠি
হিফজুর রহমান লস্কর
শিয়াল পণ্ডিতের পাঠশালাতে অপূর্ব এক আয়োজন,
সকল শিয়াল আসলো সেথা পেয়ে আমন্ত্রণ।
স্বর্ণ পদক রাখা হলো দৌড় প্রতিযোগিতার তরে
লাফিয়ে লাফিয়ে উঠতে হবে উঁচু টিলার 'পরে।
ঝাণ্ডা হাতে শিয়াল পণ্ডিত দাঁড়িয়ে আছে পাশে
দৌড়ের জন্য প্রস্তুত সবাই পদক লাভের আশে।
নির্দেশ হতেই দৌড় শুরু কে কার আগে যাবে,
সবার মনে একই আশা স্বর্ণ পদক পাবে।
কয়েক লাফ দিয়েই সবাই হুড়মুড়িয়ে নামে,
ফেরত জায়গায় এসে তাদের চীৎকারটা থামে।
একটি চুড়ায় পৌঁছেই হলো আনন্দে অধীর,
বলতে পারো কেন, শিয়ালটি ছিল বধির।
চীৎকারটা শুনেনি সে লক্ষ্য ছিল খাঁটি,
ইতিবাচকতা ও আত্মবিশ্বাস সফলতার চাবিকাঠি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন