শীতের পরশ
হিফজুর রহমান লস্কর
শরতের আগমনে সুমধুর রব,
প্রভাতে সোনালী রবি রাঙা রূপ ধরে,
চিকচিক করে ঘাস কুয়াশার ভরে,
এসেছে হিমেল হাওয়া করি অনুভব।
গাছে গাছে ফুল ফোটে মধুকর ওড়ে,
মনের খুশিতে তারা গুনগুন গায়,
দিঘি জল টলমল ঢেউ খেলে তায়,
মাছরাঙ্গা মাছ ধরে ঝাঁপ দিয়ে পড়ে।
খেজুর নলের গুড় খেতে বড় স্বাদ,
শরতে সবার প্রিয় কাটে অবসাদ।
প্রাতঃভ্রমণে লোক করে আসা যাওয়া,
ছোট ছোট ছেলে মেয়ে ফুল তুলে আনে,
খুশির আবেশে তারা ছুটে মনে প্রাণে,
শীতের পরশ দেয় হিমেল হাওয়া।
নির্মল নীলাকাশ বাঙলার এ হাট,
পরিযায়ী পাখিদল তাই হেথা আসে,
শরতে প্রভাত বায়ু সুগন্ধেতে ভাসে,
রোদে বসে শিশু গণ পড়ে যায় পাঠ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন