ধর্মের নামে


রচনা: হিফজুর রহমান লস্কর

বেদ পুরাণ বাইবেল কোরআন সবার মাঝে আছে বিধান
হৃদয় দিয়ে বুঝতে হবে বুঝার মাঝেই সকল জ্ঞান।
চললে ভবে বিধান মেনে সকল গ্রন্থই খাঁটি
না বুঝে তা মাথায় নিলে জীবনটা হয় মাটি।
সকল ধর্ম সকল গ্রন্থ একই স্রষ্টার দান
এক আদমের সন্তান সবই একই সবার প্রাণ।
ভিন্ন নামে ভিন্ন পথে ডাকছে সবাই যারে
সবার মাঝেই আছেন তিনি কেউ বুঝে কেউ বুঝতে নারে।
ধর্মের নামে কেন লড়ো সখা কেন কর উৎপাত
ধর্মতো জাগায় মানবতাবোধ নেই তাতে সঙ্ঘাত।
ধর্মের গান না গেয়ে ভাই মানুষের গান গাই
'মানব সেবাই শ্রেষ্ঠ ধর্ম ' সকল গ্রন্থে পাই।
নিষ্পাপ রূপে জন্মে শিশু থাকে না হিংসার লেশ
মানুষই শিখায় ভালোমন্দ শিখায় হিংসা বিদ্বেষ।
জাতিধর্ম ভাষা দ্বন্দ্ব এতো স্বার্থান্বেষীর অপসৃষ্টি
বিবেকের কাছে প্রশ্ন কর খুলে যাবে অন্তর্দৃষ্টি।
স্রষ্টার সৃষ্টি মানুষ তুমি ধর্মের সৃষ্টি নও
সৃষ্টিকে ভুলে স্রষ্টা পাবেনা যতই কেতাব বও।
যে নামেই ডাকো যেখানেই যাও মন্দির মসজিদ গুরুদ্বার
একই স্রষ্টা সর্বত্র বিরাজে বুঝে দেখ সারাসার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বন্ধু মানে আলোর দিশা

লুটছে যত রাজভাণ্ডারী

বিদায়