বাঁচার তরে
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-০৫/০৬/২০২২
প্রকৃতি আজ দুষিত হয়েছে
বিষবাষ্পে ভরা,
মানব জাতিই করছে ধ্বংস
সোনার এ বসুন্ধরা।
বাড়ছে মানুষ বাড়ছে আবাদী
বাড়ছে মানব সংসার,
পরিবেশ তাই মাথা নুইয়েছে
বইতে পারে না ভার।
প্লাস্টিক আর পলিথিন দিয়ে
বিষিয়ে দিয়েছে ধরা,
নিষিদ্ধ এটা কাগজে কলমে
চলছে সেই পরম্পরা।
ঘটা করে পরিবেশ দিবস
পালন করছি আজ,
বৎসর জুড়ে গাছপালা কেটে
চলে যে লুটতরাজ।
বছরে একদিন আওয়াজ তুলি
বৃক্ষ রোপন করি,
তারসাথে আছে ফটো তুলাতুলি
তাহাতে স্ট্যাটাস ভরি।
৫ই জুন পরিবেশ দিবস
শুনেছি অনেক ভাষণ,
দর্শক শ্রোতার হাততালিতে
ভরে যায় হৃদয়াসন।
তারপর সেই আগের মতো
গাছ কেটে করি সাফ,
কেমন করে প্রকৃতি রাণী
করবে মোদের মাফ?
লোক দেখানো কাজ করে ভাই
কি লাভ আছে বলো?
অন্যকে ছেড়ে নিজেকে শুধরাই
গাছটি লাগাই চলো।
একটি কাটলে তিনটি লাগাবো
যত্নে রাখবো ধ্যান,
কীটপতঙ্গ পাখিকুল যত
গড়বে বাসস্থান।
নিজেও বাঁচবো অন্যকে বাঁচাবো,
বাঁচাবো প্রাণীকুল,
দুষণ মুক্ত পরিবেশ গড়ে
শুধরাবো নিজের ভুল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন