এ কেমন ধ্বংসলীলা
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ-২৫/০৫/২০২২
বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি মুষলধারে বৃষ্টি
ডুবছে হাট ঘাট।
এক নাগাড়ে বৃষ্টি বিরূপ যেন সৃষ্টি
ডুবছে দোকান পাট।
অকাল বন্যার ফল সব গেল রসাতল
কৃষকের উপায় যে নাই।
ফুলিয়া ফাঁপিয়া জল জনজীবন হয় যে অচল
নেই কোথা দাঁড়াবার ঠাঁই।
ভুমি ধ্বস নামলো বলে রেল লাইন ডুবল অতলে
শহর ভাসে জলে।
দূর দূরান্ত পথযাত্রী রাস্তায় বসে কাটায় রাত্রি
হায় বিধি বলে।
ছিন্ন সব যাতায়াত নেই তাতে কারো হাত
কে দেখিবে কাহারে?
ভুমি ধ্বস পড়ে হায় স্রোতের টানে ভেসে যায়
নির্জীব পশু আহারে!
এমন প্লাবন এল রেলষ্টেশন ধ্বংস হল
ভাসায়ে নিল জান মাল।
নিরূপায় যাত্রীগণ পদব্রজে করে গমন
সর্বত্রই শুধু যে আকাল।
দিন কাটে খোলা মাঠে মাঝি নেই খেয়া ঘাটে
বন্ধ আছে সব পারাপার।
কেন বিধি বাম হেন অকালে এ তাণ্ডব কেন
চেয়ে দেখ সবাই নির্বিকার।
ক্ষুধার জ্বালায় মরছে মানুষ নেতা মন্ত্রী সব ফানুস
কেবা দিবে ধার?
পণ্যদ্রব্যের ঊর্ধ্বগতি বানভাসির চরম দুর্গতি
কেমনে পাইবে উদ্ধার।
বস্তিবাসী অসহায় চারিদিকে হায় হায়
মুমুর্ষকে কেবা দিবে ত্রাণ।
সবাই যেন এগিয়ে আসে বানভাসির কষ্ট নাশে
এ যে সময়ের আহ্বান।
এ কেমন ধ্বংসলীলা বুঝিনা বিধির খেলা
মানুষ যে বড় অসহায়।
সৃষ্টির স্রষ্টা তুমি বাঁচাও আপন ভুমি
বাঁচাও এ বসুধায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন