ফোকলা দাদুর টাকে
নাদুসনুদুস ফোকলা দাদু টাকলা মাথার চুল,
দেখলেই তাকে ছেলেরা সব বাধায় গণ্ডগোল।
গোয়াল ঘরের চালের মাঝে ভিমরুলদের বাসা,
বাদামি রং ত্রিকোণ জুড়ে দেখতে বড়ই খাসা।
একদিন সেথা ফোকলা দাদু তাকিয়ে আছে ঠায়,
আড়াল থেকে দুষ্ট ছেলে ঢিল ছুঁড়ল তায়।
ফোকলা দাদুর ভাগ্য খারাপ ভিমরুল দেয় হানা,
বিনা দোষে জুটলো টাকে হুল যে একটানা।
লাফিয়ে উঠে চেঁচিয়ে বলে ব্যথায় কাতর দেহ,
আশেপাশে কে আছ ভাই ধরনা আমায় কেহ।
কথা শুনে ভিমরুল দল আরো আসল তেড়ে,
হুল ফুটিয়ে বলল ওরা ঢিল ছুড়েছে কে রে?
ফোকলা দাদুর প্রাণ বুঝি যায় হায়রে ভীষণ জ্বালা,
আড়াল থেকে হাসছে নাতি পালা দাদু পালা।
দাদু বলল ঠিক বুঝেছি তুই মেরেছিস চাকে,
সূযোগ বুঝে ভিমরুল রা হুল ফুটাল টাকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন