ঋতুরাজ বসন্ত
রচনা: হিফজুর রহমান লস্কর
তারিখ- ২৮/০২/২০২২
ফাগুনে আগুন জ্বলে প্রকৃতির বুকে
ঋতুরাজ বসন্ত রূপ ধরা পড়ে চোখে।
রক্তমাখা ফুল হাসে শিমুলের ডালে
কৃষ্ণচূড়া দোল খায় বাতাসের তালে।
সুর করে পাখি সব ফুলে ফুলে উড়ে যায়
ভ্রমর ও মৌমাছি গুণ গুণ করে তায়।
প্রখর রোদের তাপ তীর্যক পড়ে
নদীর বালুকা রাশি চিক চিক করে।
শিশু গণ খেলা করে নির্মল মাঠে
জলাভাবে রমণীরা যায় নদী ঘাটে।
নির্মল নীলাকাশ দখিনা বাতাস বয়
কপোত-কপোতী বসে ফুল পানে চেয়ে রয়।
এলোকেশ চুল দুলে ষোড়শীর মাথে
বৌ কথা কও ডাকে পাখি আনন্দের সাথে।
বসন্তের সুর ভাসে কোকিলের গানে
ভাটিয়ালি গান শুনি বাউলের টানে।
প্রকৃতির এ ভালোবাসা সর্বত্র বিরাজে
উছলা যৌবন ঢেউ হৃদয়েতে বাজে।
প্রাণী মাত্রে বসন্তের সাঁড়া জাগে মনে
কবিরা কবিতা লিখে সুন্দর এ ক্ষণে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন